
অনলাইন ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরসহ ৫টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোতে দায়িত্ব পালন শুরু করেছেন।
সোমবার রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যে ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো—
শেরপুর, গাজীপুর, মৌলভীবাজার, মাদারীপুর, কক্সবাজার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি সদস্যরা আগামী ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, দেশের অন্যান্য জেলাগুলোতেও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক মোতায়েনের জন্য অতিরিক্ত বিজিবি সদস্যদের সম্পূর্ণ প্রস্তুত (স্ট্যান্ডবাই) রাখা হয়েছে বলে সদর দপ্তর সূত্রে জানা গেছে।
