
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর ও আপত্তিকর লেখালেখির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন ছাতক প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি উজ্জীবক সুজন তালুকদার।
রোববার (২১ জুন) তিনি ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ আবেদন দাখিল করেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ জুন প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাদ্দেক আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মানহানিকর, আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য ও পোস্ট করেন। এতে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিষয়টি ১৯ জনু শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সমাধান করা হলেও পরবর্তীতে
২০ মে শনিবার সংশ্লিষ্ট শিক্ষকের আত্মীয়-স্বজন বিদ্যালয়ে মহাসমাবেশে ও বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণাদি আবেদনকারীর কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানানো হয়।
এ প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট আবেদন জানানো হয়েছে।
