মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শেরপুর এলাকায় পুলিশের পৃথক অভিযানে ভারতীয় চকলেট  ও কম্বলসহ ৮ চোরাচালানকারী গ্রেপ্তার হয়েছে। এ সময় ২০ লক্ষাধিক টাকার অবৈধ মালামালসহ একটি ট্রাক ও যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার ২০ জুন রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করেন।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ ৮ লক্ষ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। এসময় দুজনকে আটক করে পুলিশ।
পরে এ ব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও ২১ জুন রোববার শেরপুর চত্বরে পুলিশ চেকপোস্ট চালিয়ে সিলেটের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস আটকে তল্লাশী চালিয়ে বাসটি থেকে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বলসহ বাসটি জব্দ করে পুলিশ। জব্দ করা কম্বলের মূল্য ২০ লক্ষ টাকা। এবং জব্দ বাসের মূল্য ৫০ লক্ষ টাকা।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানায় আরও একটি মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুটি অভিযানে ৮জনকে মামলায় আসামি করা হয়েছে।

জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।