জালালাবাদ বার্তা২৪ঃ

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ                                      

ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় নিজেকে মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয় এক তরুণী। আগে তাঁর নাম ছিল সুমা ইসলাম, বর্তমানে রাফি ইসলাম হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি। সম্প্রতি এক বান্ধবীকে বিয়ে করার বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাফি ইসলামের দাবি, আগে তিনি মেয়ে ছিলেন, তবে এখন ছেলে হয়েছেন। বিষয়টি এত দিন প্রকাশ্যে আনেননি জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আসার পরিকল্পনা ছিল তাঁর। এরই মধ্যে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তাঁরা বিয়ে করেন।

রাফিকে বিয়ে করা তরুণী জানান, ভালোবেসেই তাঁকে বিয়ে করেছেন তিনি। তবে পরিবার তাঁদের সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে বিয়ে করেন। তিনি বলেন, “আমি তাঁকে ভালোবাসি।”

এদিকে স্থানীয় বাসিন্দা রুবিনা বেগম জানান, আগে সুমা ইসলামকে সালোয়ার-কামিজ পরতে দেখেছেন। তবে সম্প্রতি তাঁকে ছেলেদের পোশাকে চলাফেরা করতে দেখছেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে বলে জানান তিনি।

তবে রাফি ইসলামের শারীরিক পরিবর্তনের কারণ সম্পর্কে কোনো চিকিৎসকের বক্তব্য বা মেডিকেল সনদ পাওয়া যায়নি। তাঁর বক্তব্যের পাশাপাশি চিকিৎসাগত তথ্য ও বিয়ের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সবাই।