
কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ জুন) বিকেলে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, যুবসমাজকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমেই কেবল একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। একই সাথে সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক সচেতনতা সৃষ্টিতে যুব সমাজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।
উক্ত আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ট্রেডে কর্মরত প্রশিক্ষণার্থীবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
