শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, র‌্যালি ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সুলতানা রাজিয়া স্বপ্না। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভাপতির স্বাগত বক্তব্যে সুলতানা রাজিয়া স্বপ্না বলেন, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতেই এ ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।”

পরে উপজেলা সমন্বয়কারী আতাউর রহমান সানি গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, উদ্দেশ্য ও সুবিধাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উপস্থিত সকলকে জনসচেতনতামূলক র‌্যালিতে অংশগ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী করা হয়। ভিডিও প্রদর্শনীর পর অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. সেলিম ছাত্তারসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।