কুলাউড়ায় বিশেষ ট্রেন চালু ও রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন
প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ণ আগস্ট ১০, ২০২৫

◾মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু এবং আখাউড়া-সিলেট রেলপথ সংস্কারসহ আট দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে কুলাউড়া জংশন রেলস্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ যাত্রী অংশ নেন।
‘কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ও আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি অ্যাড. নওয়াব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. এ এন এম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি শামীম আহমদ প্রমুখ।
◾আট দফা দাবিঃ
১. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু।
২. আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ।
৩. আখাউড়া-সিলেট রেলসেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু।
৪. বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু।
৫. কুলাউড়া জংশন স্টেশনে আসন সংখ্যা বৃদ্ধি।
৬. কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুরের পর ঢাকা অভিমুখী স্টেশনগুলোর যাত্রাবিরতি বাতিল।
৭. সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযুক্ত করা।
৮. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন।
মানববন্ধন শেষে সমন্বয়ক আজিজুল ইসলাম তিন ধাপের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
১১ আগস্ট: রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান।
১২–১৫ আগস্ট: সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ।
১৬ আগস্ট: কুলাউড়া জংশনে প্রতিবাদসভা ও পরবর্তী আন্দোলনের ঘোষণা।
কর্মসূচিতে কুলাউড়ার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ যাত্রীরা একযোগে অংশ নেন।
আরও পড়ুনঃ