মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে একটি বিজয় র‍্যালি ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের ফুটবল মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজারে গিয়ে শেষ হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন শওকতুল ইসলাম শকু, ডা. সাইফুল আলম চৌধুরী, আব্দুল জলিল জামাল, আজিজুর রহমান মনির, মঈনুল হক বকুলসহ আরও অনেকেই।

একই দিনে বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিলটি উত্তরবাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়।

জামায়াতের কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, এবং প্রভাষক মো. হামিদ খান। সঞ্চালনায় ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী।

পৃথকভাবে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও জামায়াতের কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।