শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় কয়েকদিন ধরে আতঙ্কের কারণ হয়ে থাকা একটি অজগর সাপ অবশেষে ধরা পড়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে রিহাব কেমিক্যাল সংলগ্ন জসীম উদ্দিনের গরুর খামারের পাশের একটি বাঁশঝাড়ে বিশালাকার সাপটিকে দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, অজ্ঞাত এই সাপটি গত কয়েকদিন ধরে আশপাশের হাঁস-মুরগি খেয়ে ফেলছিল, ফলে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন এবং নিশ্চিত করেন এটি একটি অজগর সাপ।

বাঁশঝাড়ের ঘন পাতার আড়ালে কুণ্ডলী পাকিয়ে ছিল অজগরটি। মুহূর্তে পরিস্থিতি রোমাঞ্চকর হয়ে ওঠে, সেব ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সতর্কভাবে সাপটির দিকে অগ্রসর হন, চারপাশে ভিড় জমায় উৎসুক গ্রামবাসী। সামান্য অসতর্কতা যে মারাত্মক হতে পারে, তা সবারই জানা। কয়েক মিনিটের টানটান উত্তেজনার পর সাহসী সজল দেব দক্ষতার সঙ্গে অজগরকে নিয়ন্ত্রণে আনে। বিশাল দেহটিকে ধীরে ধীরে নামিয়ে এনে নিরাপদ বাক্সে ভরে ফেলা হয়।

পরিবেশকর্মীরা সাপটিকে নিরাপদে উদ্ধার করে স্থানীয়দের সচেতন করেন,বন্যপ্রাণী দেখলে কখনো হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য।

পরে উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুনঃ 

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে বিএনপি নেতা হাজী মুজিবের পূজা মণ্ডপ পরিদর্শন