জালালাবাদ বার্তা ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনেই-কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিভ্রান্তি তৈরি হয়েছে।
ফেব্রুয়ারি ২৮ তারিখ ভোরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় খামেনেই নিহত হয়েছেন বলে দাবি করে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি। ফার্সের প্রতিবেদনে বলা হয়, নিজ কার্যালয়ে দায়িত্ব পালনের সময় হামলায় তিনি নিহত হন। একই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করা হয়।
পরদিন (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফার্সের বরাতে এ খবর প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে তার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ পোস্ট দিয়ে খামেনেই নিহত হওয়ার দাবি করেন। তিনি লেখেন, “ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত।” ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকেও এ হামলা নিয়ে মন্তব্য এসেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম জানিয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যায়েও খবরটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) রাত ১টার দিকে টুইটার অ্যাকাউন্ট Iran Force (@IranArmystan_) থেকে নতুন একটি পোস্টে দাবি করা হয়, “Breaking news ….!! Ali Khamenei is still alive 100% confirm news.” পোস্টটির সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা যায় আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনেই হাসিমুখে দাঁড়িয়ে আছেন এবং হাত বুকে রেখেছেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়েছে এবং লাখো মানুষ তা দেখেছেন।
