সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা বাজার এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। 

নিহতরা হলেন- ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের উচ্চপদস্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন পরিবার নিয়ে ঢাকা থেকে সেঁজুতি ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসে সুনামগঞ্জে রওয়ানা করেন। বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলা বাজার এলাকার ইনাতনগর গ্রামের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে  খাদে পড়ে যায়। বাসটি খাদে উল্টে পড়ে ঘটনাস্থলেই বাস চাপায় মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে আহতদের গাড়ি থেকে বের করে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া অবস্থায় দুজনকে উদ্ধার করেছি। বাসচাপা পড়ে দুজনই মারা গেছেন। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’