কুলাউড়ায় পুলিশের ধাওয়ায় চোরাই সিএনজি সহ যুবক আটক
প্রকাশ: ৯:২৪ অপরাহ্ণ অক্টোবর ১৯, ২০২৫

মো: আলী শোভন, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ধাওয়ায় চোরাই একটি সিএনজিসহ এক যুবককে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) ভোরে কুলাউড়া স্টেশন চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত যুবক শেখ খয়রুল ইসলাম (২৭) রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের বাসিন্দা শেখ মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
কুলাউড়া থানা সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে থানার টহল টিম স্টেশন চৌমুহনী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এসময় মৌলভীবাজার-থ-১১-৩০৮১ নম্বরের একটি সিএনজি’কে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
তাৎক্ষণিকভাবে এসআই জুনেদ আহমেদের নেতৃত্বে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া করে মিশন চৌমুহনী এলাকায় সিএনজিসহ চালককে আটক করেন।
পরে তল্লাশিতে চোরাই সিএনজির সঙ্গে কার্বুরেটরের নজেল, তামার ও বৈদ্যুতিক তার, লাইটার, প্লাস ও টর্চলাইট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খয়রুল ইসলাম স্বীকার করে যে, সিএনজিটি সে চুরি করে এনেছে; তবে কোন এলাকা থেকে চুরি করেছে, তা জানাতে পারেনি।
পুলিশ জানায়, ধাওয়া করার সময় আটক যুবক রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সিএনজিটির আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। ঘটনার বিষয়ে কুলাউড়া থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।