মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আসামি নাহিদ মিয়া (২৫)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদ মিয়া রাজনগর উপজেলার কাটাজুড়ি গ্রামের মসুদ মিয়ার ছেলে।

র‍্যাব-৯ জানায়, ভিকটিম মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত নাহিদ মিয়া প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করেন। পরবর্তীতে বিবাহের আশ্বাসে ভিকটিমকে নগ্ন ছবি ও ভিডিও ধারণে বাধ্য করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ওই ছবি প্রকাশ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এবং দণ্ডবিধির ৩১৩ ধারায় মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি নাহিদ মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।