তেরখাদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রীতি সভা
প্রকাশ: ৯:৪৪ অপরাহ্ণ সেপ্টেম্বর ২২, ২০২৫

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে তেরখাদা উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে এক সম্প্রীতি ও মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। সভায় পারস্পরিক শ্রদ্ধা, সামাজিক সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর জোর দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি নাহিদ হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ—মাওলানা এমএ হাফিজ, আব্দুস সামাদ লিটন, মুজাহিদুল ইসলাম রাগীব, আব্দুল আজিজসহ অনেকে।
দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সভায় অংশ নেন সাধারণ সম্পাদক শংকর কুমার বালা, কৃষ্ণ মেনন রায়, সমীর ঢালী, নির্মল অধিকারী, বিপুল মল্লিক, পলাশ চন্দ্র পাল, গৌড় পদ বিশ্বাস, দেব খামারি ও নৃপেন্দ্র নাথ শিকদার। এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। জামায়াত নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগ নেবেন বলেও সভায় জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তারা।
সভায় বক্তারা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান অটুট রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পূজাকে ঘিরে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এই সভাকে পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সহনশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।