তারেক রহমান একটি মানবিক দেশ গঠন করতে চান: নুরুল ইসলাম নয়ন
প্রকাশ: ৭:৫৩ অপরাহ্ণ সেপ্টেম্বর ২০, ২০২৫

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে তিনি ইতোমধ্যে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন।
“সেখানে খেটে খাওয়া মানুষ, কৃষক, মৎস্যজীবী ও শ্রমিকদের অধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে আগামী দিনে একটি মানবিক দেশ গড়তে চান তারেক রহমান,” বলেন নয়ন।
শনিবার চরফ্যাসন উপজেলার সামরাজ মৎস্য ঘাটে সমুদ্রগামী দুই শতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলেদের প্রসঙ্গে নয়ন বলেন, “আমাদের জেলে ভাইরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করেন। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিভিন্ন অনুদান আসে। সেই অনুদান কেউ আত্মসাৎ করলে হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে।”
তিনি আরও বলেন, “জেলেরা মাছ শিকার করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। অথচ আমরা তাদের যথাযথ উপকারে আসতে পারছি না। ভবিষ্যতে যারা জেলে কার্ডসহ সরকারি বরাদ্দ বিতরণ করবেন, তারা যেন খেটে খাওয়া মানুষের হক নষ্ট না করেন। চরফ্যাশনে রাজনীতি করার সুযোগ পেলে এ বিষয়ে আমি কঠোর থাকব।”
অনুষ্ঠানে চরফ্যাসন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রায় পাঁচ শতাধিক জেলে অংশ নেন।