তেরখাদায় তারেক রহমানের পক্ষে পারভেজ মল্লিকের গণসংযোগ
প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ণ সেপ্টেম্বর ১৯, ২০২৫

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপকল্প তুলে ধরে খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন দলের মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
শুক্রবার তিনি খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা ও পাতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। দোকানপাট, বাজার এবং পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান।
পারভেজ মল্লিক বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু বিএনপির রাজনৈতিক এজেন্ডা নয়, বরং এটি বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ।”
গণসংযোগে তেরখাদা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা সাধারণ ভোটারদের মাঝে দলের বার্তা ছড়িয়ে দেন।
স্থানীয় নেতাদের মতে, পারভেজ মল্লিকের এই সরাসরি সম্পৃক্ততা নির্বাচনী মাঠে নতুন গতি তৈরি করেছে, যা ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলছে।