রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি :

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মাহফুজুর রহমান জানান, রাতের দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাবুর বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল।

বিএনপি নেতা আবু হোসেন বাবুর স্ত্রী জানান, হামলার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে ছিলেন। “আমি আমার স্বামীকে খাবার দিচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘাবড়ে যাই। আমার দেবর বাইরে বের হলে তখন গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”

দলীয় সূত্রে জানা গেছে, স্ট্রোকের কারণে দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন আবু হোসেন বাবু।

ঘটনার প্রতিবাদে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রূপসার বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ এক যৌথ বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে।