খুলনা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ণ সেপ্টেম্বর ১৬, ২০২৫

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজজামান। তিনি জেলার বিভিন্ন থানায় সংঘটিত অপরাধ, মামলার তদন্ত অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারসহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
সভায় মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফারহান-উল-ইমাম ও মোঃ শফিকুল ইসলাম তাঁদের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করায় তাঁদেরও শুভেচ্ছা জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম।
এছাড়া খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ, ক্যাম্প ইনচার্জসহ সকল স্তরের পুলিশ কর্মকর্তা ও ফোর্সগণ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।