◾মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের স্কুলছাত্রী আনজুমকে গত ১২ জুন ২০২৫ তারিখে ধর্ষণের চেষ্টা শেষে শ্বাসরোধে হত্যা করা হয়।

নৃশংস এ হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রতিবেশী জুনেল মিয়াকে স্থানীয়দের সহায়তায় পুলিশ আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে।

ঘটনাস্থল থেকে আনজুমের বোরখা, জুতা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে যুক্ত হয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) আদালত আসামি জুনেল মিয়ার বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
আমি আসামিকে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে তাকে ২ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন।

রিমান্ড মঞ্জুর হওয়ার খবরে কুলাউড়ায় নতুন করে ন্যায়বিচারের আশার আলো জেগে উঠেছে।

স্থানীয়দের দাবি, মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়, খুনি জুনেল মিয়াকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এবং আর কোনো আনজুম যেন এভাবে অন্যায়ের শিকার না হয়।

আনজুম হত্যার পর থেকেই কুলাউড়া জুড়ে চলছে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ। ছাত্র, যুব ও মানবাধিকার সংগঠনগুলোর উদ্যোগে ইতোমধ্যেই মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জনসাধারণের বিশ্বাস, আজকের রিমান্ড মঞ্জুর হওয়া মামলার অগ্রগতিতে একটি বড় পদক্ষেপ এবং ন্যায়বিচারের পথকে আরও সুগম করেছে।