◾চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসনে আলোচিত স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে চরফ্যাসন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান মাঝির ছেলে মো. মাহাবুব ও মো. ইব্রাহীম। খালাসপ্রাপ্ত আসামি আবদুল মান্নান মাঝি ওই গ্রামের মো. ফজলুর রহমান মাঝির ছেলে।

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মিলন নকতিকে ফাঁসাতে গত ২০১৮ সালের ৩০ মার্চ আসামি মাহাবুব ও তার ভাই ইব্রাহীম মিলে মাহাবুবের স্ত্রী ঘুমন্ত জাহানারাকে গলা কেটে হত্যা করেন। ওই হত্যার ঘটনা ৮ বছরের শিশুপুত্র আবির দেখে ফেলায় হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে তাকেও হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেন।

ঘটনার পর ওই রাতেই নিহত জাহানারার বাবা সৈয়দ আলী চকিদার বাদী হয়ে জামাতা মাহাবুব ও তার ভাই ইব্রাহীম এবং মেয়ের শ্বশুর মান্নান মাঝিকে আসামি করে চরফ্যাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর চরফ্যাসন থানা পুলিশ অভিযুক্তদের হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়ে আদালতে চার্জশিট দাখিল করে।

৭ বছর আদালতে মামলাটি বিচারাধীন শেষে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় তিন আসামির মধ্যে বিজ্ঞ আদালত গৃহবধূর স্বামী মাহাবুব ও দেবর ইব্রাহীমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অপর এক আসামি ওই গৃহবধূর শ্বশুর মান্নান মাঝির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

চরফ্যাসন আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন জানান, অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় সত্য ও ন্যায়ের ভিত্তিতে বিজ্ঞ আদালত এই রায় ঘোষণা করেন। এই রায় ঘোষণায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।