ধর্ষণের হুমকি ও নারী হেনস্তার প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশ: ৭:৫৭ অপরাহ্ণ সেপ্টেম্বর ২, ২০২৫

জালালাবাদ বার্তা ডেস্কঃ
ডাকসু নির্বাচনের এক প্রার্থীকে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীকে হেনস্তার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এ সময় তারা গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের দাবি জানান।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্রদল।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করায় এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেন ছাত্রশিবিরের এক নেতা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছাত্রসংদ নির্বাচনে ভোটে অন্তর্ভুক্ত করার জন্য কর্মসূচিতে হেনস্তার শিকার হয় ছাত্রদলের এক নেত্রী। একই সঙ্গে সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকে কেন্দ্র করে কিছু নারী শিক্ষার্থীকে নানাভাবে সাইবার বুলিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ দেওয়ার পরও কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
“ক্যাম্পাসে ছাত্রদল প্রোগ্রাম করলে শোকজ করা হয়, তাদের কলম ছিনিয়ে নেওয়া হয়। এতে প্রক্টর একটা দল থেকে বাহবা পান। প্রক্টরকে বলতে চাই, আপনি কোনো নির্দিষ্ট দলের প্রক্টর নন। আপনাকে ক্যাম্পাসের কল্যাণে সবার প্রক্টর হতে হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “৫ অগাস্টের ফ্যাসিস্টের পতন হতে না হতে আরেক ফ্যাসিস্টের উত্থান হচ্ছে। এস এম ফরহাদ আগে ছাত্রলীগের নেতা ছিলেন, হাসিনা সরকার পতনের পরও ফরহাদ সে পদ থেকে পদত্যাগ করেননি। এজন্য এক প্রার্থী হাই কোর্টে রিট করলে তাকে গণধর্ষণের হুমকি দেয় এক শিবির নেতা। তারা বট আইডির মাধ্যম নানাভাবে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের শিকার করতেছে।
“আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ১৭ বছর মাঠে ছিলাম। প্রয়োজনে এসব নারী হেনস্তাকারীদের প্রতিহত করতে আমরা আবার মাঠে নামব। আমাদের বিশ্ববিদ্যালয়ের এক নারী কিছুদিন আগে ধর্ষণের শিকার হন। সেখানেও অনেক নারী শিক্ষার্থী সাইবার বুলিংয়ের শিকার হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে তা ছাত্রদল প্রতিহত করবে।”
এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব, সোহানুর রহমান, জুনায়েদ হাসান।
নিউজ সোর্স: bdnews24.কম