চরফ্যাশনে লাল ড্রাগন চাষে তিন ভাইয়ের সাফল্য
প্রকাশ: ৪:৫০ অপরাহ্ণ আগস্ট ২৩, ২০২৫

◾এম ফাহিম, চরফ্যাসন (ভোলা):
ভোলার চরফ্যাসনের রসুলপুর গ্রামের তিন যুবক—সজীব, শরিফ ও হানিফ। সম্পর্কে তারা তিন ভাই। রক্তের সম্পর্ক যেমন দৃঢ়, তেমনি একসঙ্গে গড়ে তুলেছেন জীবনের নতুন স্বপ্নও। বিদেশি ফল ড্রাগন চাষে ভাগ্য ঘুরিয়ে এখন তারা আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের পথ ধরে এলাকার অন্য কৃষকরাও নতুন সম্ভাবনার খোঁজে ঝুঁকছেন এই ফলের চাষে।
শুরুটা হয়েছিল একেবারেই কৌতূহল থেকে। ইউটিউবে ভিডিও দেখে সাহস পান তারা। পরীক্ষামূলকভাবে গড়ে তোলেন ছোট্ট বাগান। সেখানেই মিলল আশাতীত ফলন। সেখান থেকেই জন্ম নিল বড় স্বপ্ন। ধীরে ধীরে জমি বাড়াতে বাড়াতে আজ প্রায় ৭০০ শতাংশ জমিতে দাঁড়িয়ে গেছে বিশাল ড্রাগনের বাগান। বিনিয়োগ করেছেন প্রায় ৪০ লাখ টাকা। শুধু ড্রাগন নয়—এ বাগানে চোখে পড়ে মাল্টা, পেয়ারা, লেবুসহ আরও অনেক ফলগাছের সবুজ সমারোহ।
মৌসুমভেদে প্রতিদিন কয়েক মণ ড্রাগন তুলছেন তারা। স্থানীয় বাজারে যেমন বিক্রি হচ্ছে, তেমনি রাজধানী ঢাকার বাজারেও ছড়িয়ে পড়েছে তাদের ফল। তাদের অভিজ্ঞতা বলছে—অল্প খরচে বেশি লাভ মেলে ড্রাগন চাষে। ফলে সামান্য জমির মালিক কৃষকরাও চাইলে এ ফলের মাধ্যমে ঘুরিয়ে নিতে পারবেন ভাগ্যের চাকা।
চরফ্যাসন উপজেলা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, “দক্ষিণাঞ্চলে ড্রাগন চাষ এখন চোখে পড়ার মতো বেড়েছে। একবার যত্ন নিলেই এ গাছ সারা বছর ফল দেয়। আগামী দিনে চরফ্যাসনের আরও অনেক গ্রামে ড্রাগন চাষ বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।”