কাকন সরকার, শেরপুর প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা,নির্যাতন,হুমকি ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১০ আগস্ট রবিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শেরপুর শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেরপুরে প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি,সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জিএম আজছার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,গত ফ্যাসিস্ট শাসনামলের দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবী সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গত ৩০ বছরে ৩৫ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনার কোন সুষ্ঠু বিচার হয়নি। বিলম্বিত বিচার অবিচারের নামান্তর মাত্র। আমরা চাই অন্তবর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করবে।

মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো.আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর জেলা শাখার আহবায়ক মো: নাজমুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন।