মৌলভীবাজারে হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার, আটক ২
প্রকাশ: ৮:৩৪ অপরাহ্ণ আগস্ট ৯, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ২জন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট শহর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদ পাওয়ার পর হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়। একপর্যায়ে শেরপুর বাজার এলাকায় সন্দেহজনক কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ ৭২ হাজার ৪৮০ টাকার ভারতীয় ক্লপ-জি ক্রিম জব্দ করা হয়।
এসময় সিলেট জেলার জৈন্তাপুর থানার হেলিরাই এলাকার ফয়জুর রহমানের ছেলে চালক কুতুবউদ্দিন (২৫) এবং একই উপজেলার উত্তর মাহাইল এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ নূরুল আফসার ওরফে নাহিদ (২৮)। এ সময় জব্দকালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রশিদ সরকার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার এসআই ইমরুল সাহেদ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ-জি ক্রিমসহ দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জনায়, সিলেট থেকে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।