আফতাব উদ্দীন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা খুশী (১৯), শান্তিগঞ্জ উপজেলার স্নেহা চক্রবর্তী (২০) এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৭০)।

জানা যায়, আফসানা খুশী ও স্নেহা চক্রবর্তী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল ইনস্টিটিউট থেকে সিএনজি যোগে সুনামগঞ্জ শহরে ফিরছিলেন। পথে সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আফসানা খুশী মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে স্নেহা চক্রবর্তীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।