🔻 অজন্তা চৌধুরী, টরন্টো, কানাডাঃ

১ অগাস্ট (শুক্রবার) উটিউবসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পেলো কানাডার টরোন্টোর সুপরিচিত ও জনপ্রিয় ব্যান্ড যান্ত্রিক-এর প্রথম মৌলিক গান “আবরার”। এই গানটির গীতিকার ও সুরকার ব্যান্ডের গিটারিস্ট ইফতেখার রাসুল মাহি, কণ্ঠ দিয়েছেন রিংকো, কম্পোজিশন ও আয়োজনে ব্যান্ডের সকল আত্মনিবেদিত সদস্যবৃন্দ : আফেন্দি, মোরশেদ, সৌমিক ও আরিফ ইমতিয়াজ। আবরারের চেতনাকে ধারণ করে এটিই প্রথম কোনো ব্যান্ডের মৌলিক গান।

উল্লেখ্য বুয়েটের ছাত্র আবরার ফাহাদ ছিলেন এক সাহসী ও ন্যায়ের পক্ষে শক্তিশালী এক তরুণ কণ্ঠ। ২০১৯ সালে তাঁর নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে এবং প্রবাসে সকলের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছিল। আবরারের সেই প্রতিবাদী চেতনা ও অসমাপ্ত স্বপ্ন আমাদের সকলের মনে গভীর রেখাপাত করে।

এই গানটির মাঝে শ্রোতারা আবরারের প্রতিবাদের ভাষা খুঁজে পাবে। গানটির কথা ও সুরের গভীরতায় তাঁর অসমাপ্ত স্বপ্নের আলপথে সীমাহীন শব্দগুলো ভীড় করে এক মায়াবী পূর্ণতার প্রত্যাশায়। সাহসী ও তাৎপর্যময় শব্দ চয়ন ও সুরের বিন্যাসে গানটি ইতিমধ্যে টরোন্ট শহর সহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যান্ড সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এক বছর ধরে চলে জোর প্রস্তুতি এই গানটি নিয়ে। তাদের সাথে কথা বলে জানা যায় প্রথম মৌলিক গান হিসাবে তারা “আবরার”-কে নির্বাচন করেছেন কারণ গানটির মধ্যে দিয়ে তারা সামাজিকভাবে প্রতিবাদ জানাতে চেয়েছেন , একই সাথে তরুণ আবরারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

“যান্ত্রিক” ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে, টরন্টো, কানাডা-তে। বর্তমান সদস্যরা হলেন: রিংকো (ভোকাল), মাহি (গিটার), আফেন্দি (গিটার), মোরশেদ (ড্রামস), সৌমিক (কি-বোর্ড ও ভোকাল) এবং আরিফ ইমতিয়াজ (বেস গিটার)।

যান্ত্রিক ব্যান্ডটি কানাডার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে অংশগ্রহণ করে ইতিমধ্যেই একটি শক্ত আসন করে নিয়েছে ভক্তকুলের হৃদয়ের মাঝে । এর মধ্যে সবচেয়ে গর্বের একটি মুহূর্ত ছিল বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যে আয়োজিত “মানবতার জন্য” চ্যারিটি কনসার্টে ব্যান্ডটির অংশগ্রহণ। কোনো প্রেম, ভালোবাসা বা জীবনমুখী ধাঁচের না হয়ে ব্যান্ডের প্রথম মৌলিক গানটি প্রতিবাদী হবার মূল কারণ সামাজিক দায়বদ্ধতা। তাদের এই প্রয়াসকে গানপ্রেমী শ্রোতাকুল সাধুবাদ জানাচ্ছেন। আগামীতে এই ব্যান্ডটি সমাজ সচেতনামূলক নানা বিষয়ে দৃষ্টিপাত করবে বলে আশা প্রকাশ করেছে।

গানটির লিংক : https://www.youtube.com/watch?v=9bt5g639nq8