চরফ্যাসনে সেরা ফলাফলের জন্য ৩৬ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান
প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ণ জুলাই ৩১, ২০২৫

◾এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)॥
ভোলার চরফ্যাসন উপজেলায় ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ ৩৬ জন স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEIP-SDPI) এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের সভাপতিত্ব করেন এবং একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমান সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান, অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল এবং সাবেক পৌর মেয়র আ.ন.ম. আমিরুল ইসলাম মিন্টিজ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের পুরস্কার ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক এবং কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।