ছবি :আল আমিন হত্যা মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

রাজধানীর মোহাম্মদপুরে কুপিয়ে হত্যা করা আল আমিন হত্যা মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলার চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি শনিবার (১৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ভোলার লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া এলাকার মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২৬) এবং চরফ্যাসনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের শাহাবুদ্দিনের ছেলে মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)।

র‍্যাব সূত্র জানায়, পেশায় অটোরিকশাচালক হলেও মোশারফ রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে রিপন রংমিস্ত্রির কাজ করলেও মোশারফের নেতৃত্বে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

র‍্যাব আরও জানায়, নিহত আল আমিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেন। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ১৬ জুলাই সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিনকে কুপিয়ে হত্যা করেন।

পরদিন নিহতের মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে র‍্যাব-৮ এই দুই আসামিকে গ্রেপ্তার করে।