চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চর কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা গ্রামে যুবদল সভাপতি মো. নুরে আলম মুন্সির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে “ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অপপ্রচারের” প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে চরপাতিলা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাজারের পূর্ব প্রান্ত থেকে শুরু হয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত মিছিলটি চলে। মানববন্ধন ও মিছিলে অন্তত পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধ এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ হাওলাদার ও তার সহযোগী মন্নান, সিরাজ, কাজল ও নোমান একটি কুচক্রী মহলের সঙ্গে মিলিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদল নেতা নুরে আলম মুন্সির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা কামাল দালাল, জীলন, নাজমা ও নিরুতাজসহ অনেকে বক্তব্য দেন। তারা বলেন, “নুরে আলম মুন্সি একজন জনপ্রিয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত যুব নেতা। তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে যুবদল নেতা মো. নুরে আলম মুন্সি বলেন, “ফিরোজ ও তার কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে আসছে। এতে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

অন্যদিকে, অভিযুক্ত ফিরোজ হাওলাদার ও তার সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরাও চাই সত্য ঘটনা প্রকাশ পাক এবং সুষ্ঠু বিচার হোক।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।