চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি ও দলটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভোলার চরফ্যাসনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় চরফ্যাসন বিএনপির পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর সায়েদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাউস মিয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুসসাত্তার মিঠু, ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি রিয়াদ শিকদার ও শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, জামাত-শিবির চক্র এবং সরকার-সমর্থিত ষড়যন্ত্রকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারেক রহমানকে কটুক্তি করা জাতির জন্য লজ্জাজনক। বিএনপি নেতারা জানান, সব ষড়যন্ত্রের জবাব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে এবং এ আন্দোলন অব্যাহত থাকবে।