চরফ্যাসনে বোরকা পরে স্ত্রীকে অপহরণ করে নির্যাতন, স্বামী পলাতক
প্রকাশ: ৯:৫২ পূর্বাহ্ণ জুলাই ১১, ২০২৫

🔸চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসনে বোরকা পরে নারী সেজে স্ত্রীকে অপহরণ করে নির্জন ঘরে তিন ঘণ্টা ধরে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ফরহাদ সিকদারের বিরুদ্ধে। বুধবার (৯ জুলাই) দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুমাইয়া বর্তমানে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ফরহাদের সঙ্গে। বিয়ের পর থেকেই মাদকাসক্ত ফরহাদ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ কারণে সুমাইয়া স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরে যান এবং একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নেন।
ঘটনার দিন সকালে কর্মস্থলে যাওয়ার পথে একটি সিএনজিতে ওঠেন তিনি। ওই সিএনজিতে বোরকা পরা এক “নারী” বসা ছিলেন, যিনি আসলে তার স্বামী ফরহাদ ছিলেন। চালক তাকে বলে, তার স্ত্রী একটু দূরে অপেক্ষা করছে। এরপর সিএনজিটি একটি অচেনা রাস্তা দিয়ে ফরহাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে সুমাইয়াকে একটি কক্ষে তিন ঘণ্টা অবরুদ্ধ রেখে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়।
সুমাইয়া কোনভাবে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানকার লোকজন তার পরিবারকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সুমাইয়ার বাবা হাবিবুল্লাহ বলেন, “আমার মেয়ে জামাই মাদকাসক্ত। তার হাতে আমার মেয়ের ওপর এ ধরনের নির্যাতন কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি তার কঠিন বিচার চাই।”
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ফরহাদ পলাতক। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এ বিষয়ে দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার বলেন, “অভিযোগ পেয়েছি। পুলিশ হাসপাতালে গিয়ে ভিক্টিমকে দেখে এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”