চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নে সম্পত্তির জন্য মাকে মারধরের অভিযোগে স্কুলশিক্ষক ছেলে ও তার স্ত্রীকে আসামি করে আদালতে মামলা করেছেন মা বিবি ফাতেমা।

বুধবার (৯ জুলাই) চরফ্যাসনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি। মামলায় আসামি করা হয়েছে ছেলে মো. মাকসুদ মোল্লা ও তার স্ত্রী মোসা. কহিনুর বেগমকে। বিচারক অনুতোষ চন্দ্র বালা মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে আগামী ২৮ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, মাকসুদ মোল্লা উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা হারুন মোল্লার ছেলে এবং শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী কহিনুর বেগমও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিবি ফাতেমা ছয় সন্তানের মধ্যে মাকসুদকে লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করেন। স্বামীর মৃত্যুর পর তিনি চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সমানভাবে সম্পত্তি বণ্টন করেন। কিন্তু বড় ছেলে মাকসুদ ভরণপোষণ না দিয়ে উল্টো সম্পত্তি দখলের জন্য বারবার মা ও ভাইদের ওপর নির্যাতন চালান।

গত শুক্রবার (৪ জুলাই) সকালে অভিযুক্ত মাকসুদ ও তার স্ত্রী কহিনুর বহিরাগত লোকজন নিয়ে মুজিবনগরের পারিবারিক জমি দখলের চেষ্টা করে। এ সময় ছোট ছেলে সফিক বাধা দিলে তাকে মারধর করা হয়। সফিককে রক্ষা করতে গিয়ে মা বিবি ফাতেমাও মারধরের শিকার হন। পরে অন্য ছেলেরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

বিবি ফাতেমা অভিযোগ করে বলেন, “চাকরি পাওয়ার পর থেকেই মাকসুদ আমাদের আর কোনো দায়িত্ব নেয় না। বাবা-মাকে ঘর থেকে বের করে দেয়। এমনকি আট বছর আগে তার নির্যাতনে আমার স্বামী অসুস্থ হয়ে মারা যান।”

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান জানান, “মা-বাবার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের ঘটনায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩-এর ৫(১) ও ৫(২) ধারা এবং দণ্ডবিধি ৩২৩/৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত স্বামী-স্ত্রী দুজনকেই হাজির হতে নির্দেশ দিয়েছেন।”এই মামলার বাদী হয়েছেন মা বিবি ফাতেমা।