শনিবার সিলেটে ইসকন মন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।ছবি সংগৃহীত।

 ◾JALALABADBARTA24.COM

 

✍️ সুদীপ দাশ, স্টাফ রিপোর্টারঃ

সিলেটে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত উল্টো রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সিলেটের যুগলটিলা ইসকন মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

এরআগে ২৭ জুন রথযাত্রা শুরুর দিনে সিলেটে ইসকন আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা। এরমধ্যে ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ট খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

গতবছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে আন্দোলনে নামেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা। এই আন্দোলনের নেতৃত্বে ওঠে আসেন সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাস। যিনি ইসকনের সাথে সম্পৃক্ত ছিলেন, যদিও ইসকন থেকে তাকে আগেই বহিস্কার করা হয় বলে জানিয়েছে সংগঠনটি। গত বছরের চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ইসকনকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বিএনপি ও জামায়াত নেতাদের অনেককেই তখন ইসকনের সমালোচনা করতে দেখা যায়। যদিও ইসকনের শুরু থেকেই কোন উগ্রবাদী বা সহিংস কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।তবে সিলেটে ইসকনের অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত নেতাদের সরব উপস্থিতিই দেখা গেছে।

গত ২৭ জুন রথযাত্রা শুরুর দিনে সিলেটে ইসকন আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।ছবি: সংগৃহীত।

শনিবার ইসকনের উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেই না। এই নগরীতে প্রত্যেকেই নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবে এটাই আমাদের ঐতিহ্য। আমরা একে অপরের নিরাপত্তার পাহারাদার হিসেবে কাজ করবো।”

তিনি বলেন, “বাংলাদেশ একটি শান্তিপ্রিয় রাষ্ট্র। এখানে সকল ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান সুন্দরভাবে পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে। এই সংস্কৃতি রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব।”

সভায় সভাপতিত্ব করেন ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রহ্মচারী। অন্যান্যদের মধ্যে ছিলেন ইসকন সিলেট মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী, বুদ্ধি গৌর দাস অধিকারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর সাবেক আমীর হাজী আব্দুল হাই হারুন, মহানগর জামায়াত নেতা, মাওলানা আব্দুল মুকিত, আজিজুল ইসলাম, আব্দুল হালিম প্রমূখ।