
সিলেটে দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০ ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।
Jalalabadbarta24.com:
সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। চালক-যাত্রীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান।
নিহত ২৬ বছরের রাজু ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, “ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।
“এ ঘটনায় ইউনিক বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুই বাসের চালক ও যাত্রীসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।”
ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পর বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।