এম ফাহিম, চরফ্যাসন (ভোলা):

ভোলার চরফ্যাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে এ কর্মসূচির আওতায় হাইব্রিড মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, আম, তাল ও নারিকেল চারা বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় নিম, বেল, জাম ও কাঁঠালের চারা।

এ উপলক্ষে বুধবার (২ জুলাই) উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা সারমিন মিথি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, কৃষিবিদ আবু তাহের, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা।

চরফ্যাসন কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২১টি ইউনিয়নের ৮ হাজার ৯০০ জন কৃষককে প্রণোদনার অংশ হিসেবে ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা বলেন, “এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”