এমদাদুল হক, সিলেট:

নকশী বাংলা ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের অধীনে পরিচালিত তিন মাসব্যাপী ফ্রী সেলাই প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট-এর সহকারী পরিচালক জনাব মোঃ রফিকুল হক। ২৭জুন শুক্রবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় গ্ৰীন সিটি স্কুল অ্যান্ড কলেজ সিলেট সিটির মজুমদারী এলাকায় নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনের আয়োজন করা হয়।

এই সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্স-এর সম্মানিত সভাপতি জনাব তাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন, প্রশিক্ষণের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং তাদের আত্মনির্ভর হওয়ার এই প্রয়াসকে সাধুবাদ জানান। তারা বলেন, এ ধরণের কার্যক্রম নারীদের ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নকশী বাংলা ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসা করে অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।