মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন দেশীয় জাতের বিভিন্ন মৌসুমী ফল উৎসব উদযাপন করেছেন পুলিশ সদস্যরা।

বুধবার (২৫জুন) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল সেডে ফল উৎসবে ছিল আম, কাঁঠাল, লিচু, আনারস, জাম, পেঁপে, তরমুজ, লটকনসহ বাহারি সব ফলের সমাহার। এছাড়াও ছিল দই-চিড়া, ফলের জুস, চটপটি-ফুসকা, ঝালমুড়ি এবং বিভিন্ন ফল দিয়ে তৈরি ভর্তা ও আচারের আয়োজন।

এ উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। অনুষ্টানে প্রধান অতিথি ব্যতিক্রমী আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পুলিশ সবসময় উদ্ভাবনী ও মানসিক প্রশান্তি বাড়ানো এমন আয়োজনকে সমর্থন করে। এধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের একঘেয়েমি দূর করে, মনোবল বৃদ্ধি করে।”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে ফল মেলার আয়োজন দেখা যায়, তবে এখানে যেভাবে ফল ও ফুল দিয়ে অনুষ্টান স্থল সাজানো এবং স্টল তৈরি করা হয়েছে, তা অত্যন্ত চমৎকার ও সৃজনশীল।”

পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস, সিলেট আরআরএফ এর কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীর, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উৎসবে অংশ নেয়।