• জালালাবাদ বার্তা ডেস্ক নিউজ:  প্রকাশের সময়: ১৮ই জুন,২০২৫ ইং, বুধবার। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। ছবি: সংগৃহীত।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদিরের আদালত এ আদেশ দেন। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আইভীকে ৭ দিনের রিমান্ডে নিতে চেয়ে আবেদন করেছিলো পুলিশ। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডা. আইভীকে আদালতে যুক্ত করা হয়।

তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলা দু’টির এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। গত ৯ মে সাবেক মেয়র আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে, যার মধ্যে ৩টিই হত্যা মামলা।