শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রকাশ: ৪:৫২ পূর্বাহ্ণ জুন ১৮, ২০২৫

◑ মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গলঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) বেলা ১:৩০ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া (২০) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ১৩নং পানিউন্দা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুফকা মিয়ার একমাত্র ছেলে। বর্তমানে তিনি আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানা বাড়িতে মায়ের সাথে বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শামীমসহ অন্যান্য নির্মাণ শ্রমিকরা আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের প্রবাসি সিরাজ মিয়ার নির্মানাধীন বাড়ির উপরে টিন স্ট্রাকচার তৈরি করার সময় অসতর্কতাবশত ভবনঘেষা বিদ্যুতের লাইনের সাথে জড়িয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অবস্থায় তাৎক্ষনিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোর পোদ্দার সম্রাট বলেন, বেলা ২টা ৫০ মিনিটের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা তাকে মৃত ঘোষণা করি, হাসপাতাল আসার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের আপন খালাতো ভাই, শাহাদত মিয়া বলেন, খুবই দরিদ্র পরিবারে শামীমের জন্ম। সে তার বাবা-মায়ের একমাত্র পুত্রসন্তান। দুই বোনের মাঝে সে মেঝো। নির্মাণ শ্রমিকসহ যখন যে কাজ পেতো সে সেই কাজ করে তার পরিবার চালাতো। তার মা দুরারোগে আক্রান্ত, মানুষের বাড়িতে কাজ করে চিকিৎসা চালান। আমরা এ ঘটনায় দায়িদের উপযুক্ত বিচার ও ক্ষতপূরণ চাই।
এ ব্যপারে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর শুনে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপালে প্রেরণের প্রস্তুতি চলছে।