বাহুবলে জমি চাষ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ১৫
প্রকাশ: ১০:২৮ অপরাহ্ণ জুন ৯, ২০২৫

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবলে জমি চাষ নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের জাজিরা গ্রামে এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাজিরা গ্রামের আওয়াল মেম্বার ও হোসেন আলীর গোষ্ঠীর মধ্যে জমি চাষাবাদ নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত হন আলী আহম্মদ (৩৮)। তাঁকে তাৎক্ষণিকভাবে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান। নিহত আলী আহম্মদ জাজিরা গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।
সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে।
