লাউয়াছড়ায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ৭:৩৬ অপরাহ্ণ জুন ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা সাংবাদিকদের জানান, গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় ১০/১৫জনের ডাকাত দল চলন্ত যানবাহন আটকিয়ে যাত্রী ও চালকদের উপর হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন এবং মূল্যবান মালামাল লুটপাট করে নেয়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী ও চালক আহত হন।
পরদিন এ ঘটনায় মামলা দায়ের হলে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে ডাকাতির রহস্য উদঘাটন এবং ডাকাতদের আটক করতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), শ্রীমঙ্গল সার্কেলের এএসপি, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসসহ একটি টিম মাঠে কাজ শুরু করে।
পরে ভিকটিমদের দেওয়া তথ্য, আমাদের সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩ জুন ভোরে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত জাহান আহমেদ রাজুকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন সকালে কমলগঞ্জের বনগাঁও এলাকা থেকে জড়িত ডাকাত দলের আরেক সদস্য মহরম আলীকে গ্রেপ্তার করা হয়। মহরম আলীর হেফাজত থেকে আরেকটি মোবাইল উদ্ধার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন রাতে ডাকাত বহনকারী এবং দলের অন্যতম সদস্য সিএনজি চালক সালাম মিয়াকে শ্রীমঙ্গলের সাতগাঁও স্ট্যান্ড থেকে করা হয়। তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। পরে পুলিশ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে একটি ব্যাগে লুট করা আরও ৫টি স্মার্টফোন উদ্ধার করে।
পুলিশ জানায়, সিডিআর পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আসামি জাহান আহমেদ রাজু এবং মহরম আলীর বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এই চক্রের আরও কিছু সদস্যকে শনাক্ত করা হয়েছে। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে এসে স্থানীয় লোকজনের সহায়তায় এরা বিভিন্ন করে আসছিল। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।