নিজস্ব প্রতিবেদক: অভাবের তাড়নায় ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে নেয় বিকাশ কর্মী খলিলুর রহমান আক্তার।

পুলিশী তদন্তে ছিনতাই নাটকের মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। ছিনতাই হওয়া প্রায় ৫ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাই নাটকের সহযোগীসহ বিকাশের সেলস অফিসার খলিলুর রহমান আক্তারকে আটক করেছে পুলিশ।

এ ঘটনা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। গতকাল বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তিতপুর এলাকায় ছিনতাই নাটকের মঞ্চায়ন করেন খলিলুর রহমান আক্তার। ঘটনার রহস্য উদঘাটনের পর বৃহস্পতিবার (৫ মে) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বিকাশ ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) খলিলুর রহমান আক্তার ছিনতাই নাটক ঘটিয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ করে বলেন, আশিদ্রোন ইউনিয়নের আইয়ুব মার্কেট তিনি মার্কেটিং এর কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে ভোজপুর বাজারের পথে রওনা হন। পথিমধ্যে তিতপুর এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে ছুরিকাঘাত করে সাথে থাকা প্রায় ৫ লক্ষ টাকা লুটে নেয়।

ঘটনার অভিযোগ পেয়ে অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে বিষয়টি রহস্যজনক মনে হলে, অধিক তদন্ত শেষে ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য বেরিয়ে আসে।

পুলিশ জানায়, বিকাশ ডিএসও খলিলুর রহমান আক্তার আর্থিক সংকটে পড়ে সহকর্মী সাইদুল ইসলাম (৩৫) এর সাথে পরিকল্পনা করে টাকা আত্মসাৎ করতে ছিনতাইয়ের নাটক সাজায়। পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে খলিলুর নিজেই মোটরসাইকেল থামান এবং সাইদুল ইসলাম তার হাতে-পায়ে ছুরিকাঘাত করে। ২ লক্ষ ২১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার রহস্য উদঘাটনে খলিলুর রহমান আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়ি থেকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে সহযোগী সাইদুল ইসলামকে আটক এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে পুলিশ।