উওম কুমার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে ইয়াসিন আল ইসলাম (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোবাবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া কাঞ্চনতলা মহানন্দা নদীর মসজিদ ঘাটে এই ঘটনা ঘটে।

নিতহ ইয়াসিন আল ইসলাম উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের অবসরপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কমিশনার মৃত বাইরুল ইসলামের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, মৃত ইয়াসিন আল ইসলাম গতকাল রবিবার দুপুর ২টার দিকে বাসা থেকে লুঙ্গি গামছা নিয়ে মহানন্দা নদীতে কাঞ্চনতলা মসজিদ ঘাটে গোসল করতে যায়।

ধারণা করা হচ্ছে গোসল করতে করতে সে যে কোন সময় ডুবে গেছে। এরপর বিকেল ৫টা নাগাদ তার মা দীর্ঘক্ষণ তার মোবাইল নম্বরে কল দিলেও রিসিভ করেনি।

পরে সন্ধ্যা নাগাদ অজ্ঞাতনামা এক ছেলে ফোনটি রিসিভ করে জানায় মহানন্দা নদীর কাঞ্চনতলা মসজিদ ঘাটে ফোনটি বাজতে দেখে রিসিভ করছি। ঘটনাস্থলে তার পরিবারে লোকজন ও স্থানীয়দের সহযোগিতা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাজশাহী থেকে তাদের ডুবুরি দল নিয়ে এসে সোমবার সকাল ৯টার দিকে মহানন্দা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

গোমস্তাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে এসে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।