মৌলভীবাজারের সীমান্তে গুলিতে নিহত প্রদীপের মরদেহ ফেরত দিল বিএসএফ
প্রকাশ: ৬:৪৩ অপরাহ্ণ জুন ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত প্রদীপ বৈদ্য’র মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার (২ জুন) সকাল সাড়ে দশটায় কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশী পুলিশের কাছে প্রদীপের মরদেহ হস্তান্তর করে।
এসময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি আমতলী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল কালাম ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।
উল্লেখ্য, ৩১ মে (শনিবার) রাত ৮টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানী থানার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১৮৫২ নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে প্রদীপ বৈদ্য নিহত হন।
পরে বিএসএফ লাশ নিয়ে ভারতের ঊনুকুটি (কৈলাশহর) হাসপাতালে রাখে। নিহত প্রদীপ একই এলাকার শৈলেন্দ্র বৈদ্য এর পুত্র।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, কুলাউড়া থানা পুলিশের কাছে প্রদীপ বৈদ্যের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্থান্তর করা হবে।
বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সিও লে. কর্নেল জাকারিয়া জানান, এ ঘটনায় ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। দুই একদিনের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে ফ্লেগ মিটিং হবে।