কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাবেক এমপি নবাব আলী আব্বাস খান
প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ণ জুন ১, ২০২৫

বিশেষ প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়ায় মনুবাধ সংলগ্ন শালিকা দলিয়া বেলের তল এলাকায় ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে স্থানীয় জনগণ, নষ্ট হয়েছে ফসল ও ঘরবাড়ি।
এ পরিস্থিতিতে দুর্গতদের খোঁজখবর নিতে ও তাদের পাশে দাঁড়াতে ঐ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন বিশিষ্ট রাজনীতিবিদ ও মৌলভীবাজার (২) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাস খান।
রবিবার (১ জুন) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি আব্বাস আলী মেম্বারসহ আরও অনেক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এডভোকেট নবাব আলী আব্বাস খান বলেন, “এই দুঃসময়ে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে আছি এবং থাকব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
এলাকার মানুষ তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “বিপদের সময় এমনভাবে পাশে এসে দাঁড়ানো একজন নেতার দায়িত্ববোধের প্রমাণ।”
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “দ্রুত পদক্ষেপ না নিলে এই এলাকার মানুষের জীবন ও জীবিকা চরম হুমকির মুখে পড়বে। তাই অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার এখনই সময়।”
পরিদর্শন শেষে তিনি আরও কিছু এলাকা পরিদর্শনের পরিকল্পনার কথা জানান এবং জনগণের সেবায় সক্রিয় থাকার আশ্বাস দেন।