সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ জোন:

সুনামগঞ্জের ছাতকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশ ইন করা ১৬ জনের মৌলিক চাহিদা পূরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

শুক্রবার (৩০মে) বিকালে আশ্রয়ন প্রকল্পে থাকা ১৬ জনকে দেখতে যান তিনি। এ সময় তাদের সবার মাঝে পরিধানের পোশাক, খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়। এসব পেয়ে খু‌শি হয়ে সন্তোষ প্রকাশ করেছেন আটককৃত পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ২৮ মে ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিএসএফ এর পুশইন করা ১৬ জনকে ওইদিন বিকেলে ছাতক থানায় হস্তান্তর করেছে বিজিবি। 

তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫ জন, ছেলে ৪ জন ও মেয়ে ২ জন রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য। 

ছাতক উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তায় ১৬ জনের থাকা খাওয়ার জন্য আশ্রয়ন প্রকল্পের ব্যবস্থা করা হয়। এছাড়া আটককৃত জন্য পরিধানের পোশাক, খাদ্য, ঔষধ সহ মৌলিক চাহিদা মেটানোর ব্যবস্থা করা হয়েছে। 

এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, মৌলিক চাহিদা প্রত্যেক মানুষই পাওয়ার অধিকার রাখে এবং এসব পূরণ ছাড়া মানুষের বেঁচে থাকা, নিরাপত্তা অর্জন এবং প্রকৃত মনুষ্যত্ব অর্জন সম্ভব হয় না। যেহেতু তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাদের মৌলিক চাহিদা পূরণ করা আমার কর্তব্য। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আশ্রয়ণ প্রকল্পে রাখা হবে। এখানে তাদের থাকা, খাওয়া, পোশাক, চিকিৎসার ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা হয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশের ৫ জন সদস্য ২৪ ঘন্টা কাজ করছেন।