জালালাবাদ বার্তা সংবাদ:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির কবলে পড়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। অধিকাংশ জেলা শহরেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও দেখা দিয়েছে। বরিশালসহ অধিকাংশ নদীবন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

একটু বৃষ্টি যেন চরম ভোগান্তি বয়ে এনেছে সাভারের হেমায়েতপুরের তিব্বতের মোড়ের নগরবাসীর জীবনে। দীর্ঘদিনের পানি জমা আঞ্চলিক সড়কে দিনভর বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকাবাসী দুর্ভোগ যেন চরমে পৌঁছেছে ।

টানা বৃষ্টিতে নোয়াখালীর হাতিয়ায় মেঘনার পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদীপড়ে এবং নৌঘাটে স্থাপিত দোকানপাট সরিয়ে নেয়ার পাশাপাশি সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সব মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে।

টানা বৃষ্টিতে ভোলার নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেড়িবাঁধের দুর্বল অবস্থার কারণে অনেকে আতঙ্কের মধ্যে রয়েছেন, ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে । এছাড়া, ভোলার কিছু এলাকায় নৌ চলাচল বন্ধ রাখা রয়েছে।

ঝোড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টিতে বরিশালের কীর্ত্তন খোলাসহ বিভিন্ন নদীর পানি ২ থেকে ৩ ফুট বেড়েছে। মেঘনার পানি বিপদসীমার ১৫ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী উত্তাল থাকায় বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ।

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কক্সবাজারের বাঁকখালী নদীর পানিও বেড়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের মাঝেও তৈরি হয়েছে পাহাড় ধসের আতঙ্ক। আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারাও।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।