বৈষম্যবিরোধী নেত্রী ফাতেমা খানম লিজা বহিষ্কার || মাদক সেবনের ভিডিও ভাইরাল
প্রকাশ: ৬:০১ অপরাহ্ণ মে ১৮, ২০২৫

স্টাফ রিপোর্টার:
মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈন উদ্দীন এবং সদস্যসচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কার আদেশে বলা হয়, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধ লাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
এদিকে, বহিষ্কারের পরপরই নিজেকে নির্দোষ দাবি করে ফাতেমা খানম লিজা একটি ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তায় লিজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের প্রতি ২ ঘণ্টার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
লিজা বলেন, যদি তারা আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আগামী ২ ঘণ্টার মধ্যে প্রমাণ করতে না পারে তবে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
উল্লেখ্য, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্রের দায়িত্ব পালনকালীন ফাতেমা খানম লিজার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার তৈরি হয় বিভিন্ন মহলে।
সুত্র: এটিএন নিউজ/ রিপোর্ট: সুদীপ দাশ / জালালাবাদ বার্তা।