কানাডার টরন্টোতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ণ মে ৬, ২০২৫

জালালাবাদ বার্তা ডেস্কঃ
কানাডার টরন্টোস্থ মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের ‘বার্ষিক সাধারণ সভা ২০২৫’ অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। ৪ মে (রবিবার) সন্ধ্যায় বাংলা টাউনের বাংলাদেশ সেন্টারে আয়োজিত এই সভায় টরন্টোর প্রবাসী মৌলভীবাজারবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভার শুরুতে এসোসিয়েশনের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা অতিথিদের আন্তরিক স্বাগত জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়েকুল হক চৌধুরী।

সভাপতি তাঁর বক্তব্যে সংগঠনের বিগত দিনের কার্যক্রম, কমিউনিটির ঐক্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। সাধারণ সম্পাদক বিগত বছরের বিস্তারিত কর্মকাণ্ড উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ মুহিবুর রহমান খান সংগঠনের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
পরে, সভায় সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সদস্যদের মতামতের ভিত্তিতে কর্মপরিধী সম্প্রসারণ, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী আগামী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের দায়িত্ব উপস্থিত সম্মানিত উপদেষ্টামণ্ডলীর ওপর ন্যস্ত করা হয়।
সভা শেষে সভাপতি লায়েকুল হক চৌধুরী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এসোসিয়েশনকে আরও কার্যকর ও সক্রিয় রূপে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে চা-চক্র এবং সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে মতবিনিময় করেন।