
মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছে সুবর্না মুস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, জায়েদ খান, নুসরাত ফারিয়া, মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাসের নাম।
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলায় শোবিজপাড়ার একাধিক তারকার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অভিযুক্ত তারকারাই শোবিজ অঙ্গনের প্রথম সারির অভিনয়শিল্পী।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন, অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের পাশাপাশি ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি করেছেন এনামুল হক।
ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ, নিপুণ আক্তারের নাম। আরও রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান, উর্মিলা শ্রাবন্তী কর।
সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।
মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন তৎকালীন আওয়ামী লীগের সরকারকে।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, অভিনয়শিল্পীরা অর্থ জোগানের কাজ করে। তবে মামলায় অন্য অভিযুক্তরা সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসেবে কাজ করেন। তাদের ছোঁড়া গুলিতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে এ মামলার কার্যক্রম চলমান রয়েছে।
